× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় থানা পুলিশের অভিযান: ঘুমের বিছানার নিচে লুকানো অস্ত্র উদ্ধার

মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

০৪ এপ্রিল ২০২৬, ২০:১৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় একাধিক মামলার পলাতক আসামির বসতঘরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ। ভোররাতে পরিচালিত এ অভিযানে বিছানার নিচ থেকে লুকানো অবস্থায় একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় ইউনুস প্রকাশ মইজ্ঞা পুতু (৩৫)-এর বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই তিনি কৌশলে পালিয়ে যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দরজা খোলা রেখে পালিয়ে যায়। পরে তার শয়নকক্ষ তল্লাশি করে বিছানার নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস প্রকাশ মইজ্ঞা পুতু এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল, ডাকাতি, অস্ত্র ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রায় ১০টি মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তিনি চিংড়ি ঘের দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে এলাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ভয়ে বসবাস করে আসছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.