চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্র জানায়, শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত পুরোনো জাহাজভাঙা কারখানা এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ কার্যক্রমে এলাকার একটি পক্ষ সহযোগিতা করলেও স্থানীয় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছিলেন।
শনিবার বিকেলে এলাকাবাসী ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীদের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত চার থেকে পাঁচজন আহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা মাহবুল আলম বলেন, “সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা তা সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।