পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুরের হাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রফিক হাওলাদার (৪২) ও মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), উভয়ই মহিপুর থানার বাসিন্দা; মোঃ শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), উভয়েই কলাপাড়া থানার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহিপুর থানার একটি চৌকস দল ওইদিন রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হাজীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রলি, তিনটি ব্যাগ এবং মাদক লেনদেনে ব্যবহৃত চারটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।