কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল: বিএনপি মহাসচিবের কাছে লিখিত ব্যাখ্যা চাইলেন এলডিপি নেতচন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় গত ৪ এপ্রিল বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ এবং তাঁকে “অবাঞ্ছিত” ঘোষণার ঘটনার ব্যাখ্যা চেয়ে বিবৃতি দিয়েছেন তাঁর ছেলে ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
৫ এপ্রিল দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সংঘটিত এসব কর্মসূচির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কোন বক্তব্যকে কেন্দ্র করে এই কর্মসূচি নেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য স্পষ্ট নয়। বিবৃতিতে তিনি আরও জানান, এ ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিবের নিকট লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন, উত্থাপিত অভিযোগসমূহ যদি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ দ্বারা সমর্থিত না হয়, তবে তা একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক হিসেবে বিবেচিত হতে পারে। সেক্ষেত্রে প্রযোজ্য আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।