× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলীকদম–পোয়ামুহুরী ৩৭ কিলোমিটার সড়ক সেনাবাহিনীর কাছ থেকে সড়ক বিভাগের কাছে হস্তান্তর

তৌহিদুল ইসলাম, আলীকদম (বান্দরবান)

০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৭ পিএম

দীর্ঘদিনের প্রতীক্ষার পর বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের গুরুত্বপূর্ণ আলীকদম–পোয়ামুহুরী ৩৭ কিলোমিটার সড়ক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) পোয়ামুহুরী নদীর চরে বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ সংস্থা ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) এর পক্ষ থেকে বান্দরবান সড়ক বিভাগের কাছে এই সড়ক হস্তান্তর করা হয়। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৬ ইসিবি) এর মাধ্যমে আলীকদম–কুরুপাতা–পোয়ামুহুরী সড়কের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে ১৭ ইসিবি আলীকদম উপজেলার জালানীপাড়া থেকে পোয়ামুহুরী পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে। ২০২২ সালে মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কাজ ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালে এসে সড়কটি আনুষ্ঠানিকভাবে সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সড়ক নির্মাণে প্রায় ৫ শত ৯ কোটি টাকা ব্যয় ধরা হলেও ১৭ ইসিবি কাজ সম্পন্ন করার পর প্রায় ৩০ কোটি টাকা সরকারকে ফেরত দেয়, যা প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭ ইসিবির প্রকল্প পরিচালক মেজর এহসানুর আকাশ। এ সময় সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্গম এই পাহাড়ি অঞ্চলে আধুনিক সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। আগে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ও বনজ সম্পদ বাজারজাত করতে নানা সমস্যার সম্মুখীন হতেন। এখন সড়কটি চালু হওয়ায় সহজেই পণ্য পরিবহন সম্ভব হচ্ছে এবং কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন।

এছাড়া জরুরি চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রেও এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা জানান। দুর্গম সীমান্তবর্তী এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

স্থানীয় কারবারি ইয়ারিং বলেন,

“এই সড়কটি হওয়ার কারণে আমাদের যাতায়াত অনেক সহজ হয়েছে। আগে কষ্ট করে চলাচল করতে হতো, এখন দ্রুত বাজারে যেতে পারি। আমাদের উৎপাদিত ফসলও এখন ন্যায্য দামে বিক্রি করতে পারছি।”

এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং স্থানীয় অর্থনীতি, পর্যটন ও সামগ্রিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.