লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইনের আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিটে একটি এবং ভোর ৪টা ৫০ মিনিটে আরও একটি গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়।
একপর্যায়ে বিএসএফ সদস্যদের সঙ্গে কথিত চোরাকারবারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে মোঃ আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিজিবি জানিয়েছে, ঘটনাটি বিস্তারিতভাবে যাচাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।