চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় একটি কারখানার শেড ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ফারুক (৪০) ও মো. জহির (২৫)। জহির কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে এবং ফারুক নোয়াখালীর চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হালিশহরের তুহিন নামের এক ব্যক্তির মালিকানাধীন "অল ট্রেড ইন্টা:" নামের জিংক অ্যাশ উৎপাদনকারী কারখানার একটি গোডাউনে অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলছিল। কাজ চলাকালে হঠাৎ পুরো শেডটি ধসে পড়ে দুই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর কারখানার অন্যান্য শ্রমিকরা আতঙ্কে দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়।
একজন স্থানীয় যুবক জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ধসে পড়া শেডের নিচে দুই শ্রমিকের মরদেহ দেখতে পান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।