× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রিশালে জমি বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ১৯:২৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে আল-আমিন নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) এবং জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আল-আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া, অন্য এক ভিকটিমকে হত্যাচেষ্টার দায়ে আসামি জসিম উদ্দিনকে অতিরিক্ত ৫ বছর কারাদণ্ড এবং দণ্ডবিধির ৩২৪ ধারায় আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩২৩ ধারায় আব্দুর রশিদ, রিয়াদ ও হুরেনাকে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানো হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.