বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে সমিতির সদস্য ও দলনেত্রীদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি আয়োজন করে সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয়, রুমা (বান্দরবান, কক্সবাজার অঞ্চল)।
প্রশিক্ষণে বিভিন্ন সমিতির সদস্য ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা, দারিদ্র্য বিমোচন কার্যক্রমে অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইউনুছ মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম. ফরিদুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউছুফ এবং হিসাব রক্ষণ কর্মকর্তা শিমুল শর্মা।
বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা নিজ নিজ অবস্থান থেকে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ আরও জোরদার হবে।