× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় সংসদে নীলফামারীর প্রাণের দাবি—উন্নয়নের স্বপ্নে জোরালো কণ্ঠ এমপি আলফারুক আব্দুল লতীফ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

০৯ এপ্রিল ২০২৬, ১৩:৪১ পিএম

জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিয়ে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে জোরালো বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন।

বক্তব্যে তিনি নীলফামারী সদর উপজেলার টেকসই উন্নয়নের জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ সদস্য বিশেষভাবে নীলফামারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া উত্তরা ইপিজেডকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং দীর্ঘদিন বন্ধ থাকা নীলফামারী টেক্সটাইল মিলস পুনরায় চালুর প্রস্তাবও উত্থাপন করেন, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ বক্তব্যের পর স্থানীয় সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। শিল্পোদ্যোক্তা মো. মনির হোসেন বলেন, “উত্তরা ইপিজেড পূর্ণাঙ্গভাবে চালু এবং টেক্সটাইল মিল পুনরায় চালু হলে কর্মসংস্থান বাড়বে, স্থানীয় অর্থনীতি চাঙা হবে।” নীলফামারী মডেল কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, “মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি চালু হলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।”

অন্যদিকে, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “এটি বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে এবং বাইরে চিকিৎসার চাপ কমবে।” শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “স্থায়ী ক্যাম্পাস হলে মেডিকেল শিক্ষার মান বাড়বে এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।”

সংসদে এ বক্তব্যের মাধ্যমে নীলফামারী সদর উপজেলার দীর্ঘদিনের দাবি জাতীয় পর্যায়ে জোরালোভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, এতে করে জেলার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে এবং সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আরও বাড়বে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.