নড়াইলে নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু তাবাসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ তাবাসুমরা বাড়িতে যাবে। কিন্তু আজ সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন,নড়াইল সদরের আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সের সাদিয়া নূর তাবাচ্ছুম নামের একটি শিশুকে মেরে ফেলা হয়েছে , খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে প্রাথমিক ভাবে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি ,তার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।