লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চার ছেলেকে ঘায়েল করতে ‘গায়েবি’ ও ‘ভিত্তিহীন’ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনার দিন কোনো সংঘর্ষ বা লুটপাট না ঘটলেও সাজানো ঘটনার মাধ্যমে ৪৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও দলিল ছিনতাইয়ের অভিযোগ এনে চারজনকে আসামি করা হয়েছে। বিবাদী পক্ষের দাবি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের লক্ষ্যে এই মামলার আশ্রয় নেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানাধীন রাধাপুর গ্রামের রাইতের বাড়ির বাসিন্দা আবুল কালামের সঙ্গে তার ছেলে আব্দুর রহিম ও মাসুদদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ইতিপূর্বেও এই দুই পরিবারের মধ্যে একাধিক মামলা ও পাল্টা মামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় এলাকায় কোনো বড় ধরনের মারামারি বা উত্তেজনার খবর পাওয়া যায়নি। অথচ সেই সময়টিকে কেন্দ্র করেই এই ভয়াবহ লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
মামলার প্রধান বিবাদী আব্দুর রহিম (৫০) জানান, “৫ এপ্রিল সন্ধ্যায় আমরা আমাদের বাড়িতেই ছিলাম। অথচ মামলায় বলা হয়েছে, আমরা দরজা ভেঙে ঢুকে ৪৫ ভরি স্বর্ণ লুট করেছি। একজন সাধারণ মানুষের ঘরে এত স্বর্ণ থাকা যেমন অস্বাভাবিক, তেমনি জনবহুল একটি বাড়িতে লুটপাটের সময় কেউ টের পাবে না—এটাও অবিশ্বাস্য। মূলত আমাদের জমি আত্মসাৎ করার জন্য এই সাজানো গল্প তৈরি করা হয়েছে।”
অভিযুক্ত মাসুদ দাবি করেন, “বাদীপক্ষ যে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ বানোয়াট। তারা নিজেরাই কিছু মানুষকে সাক্ষী সাজিয়ে আমাদের জেল-হাজতে পাঠানোর ষড়যন্ত্র করছে।”
ভুক্তভোগীদের পক্ষ থেকে মোরশেদ আলম জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা না মেনে আইনের অপব্যবহার করছে। এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মামলায় যে পরিমাণ স্বর্ণ (২১৪ গ্রাম) ও নগদ টাকার ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তার স্বপক্ষে কোনো প্রমাণ নেই বলেও অভিযোগ উঠেছে। বিবাদী পক্ষের মতে, দণ্ডবিধির ৩৭০, ৩০৭ ও ৩৮০ ধারার মতো গুরুতর অভিযোগ শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যেই যুক্ত করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, দুই পরিবারের দীর্ঘদিনের এই বিরোধ এখন আদালতের বারান্দায় গড়িয়েছে। বিবাদী পক্ষ প্রশাসনের উচ্চপর্যায় থেকে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে। তাদের বিশ্বাস, সঠিক তদন্ত হলে এই ‘গায়েবি’ লুটপাট মামলার প্রকৃত রহস্য উদঘাটিত হবে। একই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
