পার্বত্য অঞ্চলের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচন করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) ক্লাবের শিক্ষার্থীরা। প্রথমবারের মতো তারা তৈরি করেছে তাদের নিজস্ব একটি ওয়েবসাইট ‘বিইউসিএসসি’।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা সদরের সুয়ালক এলাকায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর মহিবুল্লাহ সিদ্দিকী।
এসময় তিনি বলেন- বান্দরবানের মত পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের এমন সৃজনশীল কার্যক্রম পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং প্রযুক্তি শিক্ষার প্রতি শিক্ষার্থী-অভিভাবকদের আরো আগ্রহ বাড়াবে বলে মনে করেন তিনি।
নবনির্মিত এই ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা এখন থেকে সহজেই রেজিস্ট্রেশন, বিভাগের যাবতীয় তথ্য, ভর্তি কার্যক্রম, প্রযুক্তিগত গবেষণা সংক্রান্ত তথ্য এবং পরীক্ষার ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারবে। এতে শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও আধুনিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওয়েব সাইট উদ্ভাবক ইয়াছিন আরফাত শাহীন বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে থেকেও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানোই ছিল আমাদের মূল লক্ষ্য। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে, যা ভবিষ্যতে বিভাগের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা জানান, এই ধরনের উদ্যোগ শুধু একটি বিভাগের উন্নয়ন নয়, বরং পুরো পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল যুগে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে একটি আধুনিক ও ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার মো: খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাহিদুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর প্রভাষক স্বরাজ শর্মা, প্রভাষক তারেকশ^র দাস, ফিন্যান্স ডিরেক্টর চিং চি প্রু সুকি, জনসংযোগ ও ছাত্র কল্যাণ কর্মকর্তা নোবেল বড়–য়াসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।