× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থিতাবস্থা অমান্য করে জমিতে নির্মাণের চেষ্টা, ছাত্রদল নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ১৭:৩১ পিএম

লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় বিরোধপূর্ণ একটি বসতবাড়ির জমি ও যাতায়াতের পথ দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিয়ে টিনের বেড়া উচ্ছেদ করেন। তবে ঘটনাটিকে কেন্দ্র করে পৌর ছাত্রদল নেতার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঞ্চানগর মৌজার ১৬.৯৩ শতাংশ জমি ও যাতায়াতের পথ নিয়ে নাসরিন আক্তার ও আবুল বাশার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-২৩৯/২০২৬ ইং) বিচারাধীন রয়েছে। গত ৮ এপ্রিল আদালত উক্ত জমিতে স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, আদালতের এ নির্দেশ অমান্য করে বিবাদীপক্ষ জমিতে টিনের বেড়া দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা করে এবং চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী জিসানসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যাহত হলে তারা একত্রিত হয়ে ওই বেড়া অপসারণ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেখানে দাবি করা হচ্ছে, পৌর ছাত্রদল সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারীরা ঘটনাটির সঙ্গে জড়িত।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে ভুক্তভোগী জিসান ও স্থানীয়রা জানান, “এটি সম্পূর্ণ পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা নেই। সৌরভের নাম জড়িয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

এদিকে, আদালতের নির্দেশ অমান্য করে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন না ঘটাতে গত ৮ এপ্রিল লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা উভয় পক্ষকে লিখিত নোটিশ দেন। এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ জুন নির্ধারণ করা হয়েছে।

পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী স্থিতাবস্থা বজায় রাখতে তারা সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.