কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে সুরচর্চা কেন্দ্র রংপুরের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় নগরীর টাউনহল মঞ্চে প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আবু সাঈদ, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী ডলার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান।
অনুষ্ঠানে শুদ্ধ সংগীত চর্চায় মিলন ভট্রাচার্য, নৃত্য চর্চায় অধ্যাপক আজিজুল ইসলাম, ভাওয়াইয়া গান গবেষণায় খ ম আলী সম্রাট, লোক সংগীত চর্চায় এস এম নজরুল ইসলাম, সাংবাদিকতায় এ কে এম মঈনুল হককে গুণীজন পদক প্রদান করা হয়।
এছাড়াও জাতীয় পর্যায়ে পদক পাওয়ায় সূপর্না সরকার জয়া, সঞ্চয়িতা রায় মেঘনা,অপরাজিতা মহন্তকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির লোক সংগীত শিক্ষক ও কণ্ঠশিল্পী হারুন অর রশীদ। সভাপতিত্ব করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের সভাপতি পঙ্কজ বনিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরচর্চা কেন্দ্র রংপুরেরসহ-সভাপতি জয়ন্তী রাণী, সাধারণ সম্পাদক তৌফিকা বেগম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সুরচর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক জীবন কুমার পোদ্দার। দ্বিতীয় পর্বে উপস্থাপনা করেন এস এম আরিফউজ্জামান ও নাসরিন সুলতানা দিপ্তী এবং প্রথম পর্বে শ্রাবন্তি মল্লিক ও সায়মা আকতার উপস্থাপনা করেন। অনুষ্ঠানে ২০২৫ সালে সংগীতে কণ্ঠ পরিক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করাসহ ফেইসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান সুরের ভেলা ১০১ থেকে ১৪০ পর্ব পর্যন্ত সংগীত পরিবেশনকারী মধ্যে থেকে সেরা অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিতদের পুরস্কার বিতরণ করা হয়।