কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল ) বিকালে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ফেরিঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ফেরিতে থাকা আপন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত আপন মিয়া উপজেলার শাহপুর গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে সেখানে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
বাজিতপুর থানার (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটুলীঘাটে ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় আপন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।