× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্ধ টেক্সটাইল-জুট মিল চালুতে জোরালো উদ্যোগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ১৩:৩৬ পিএম

দেশের শিল্পখাতে নতুন প্রাণ সঞ্চারে বন্ধ হয়ে থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো দ্রুত পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, এক সময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ‘সোনালি আঁশ’ পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার এখন দৃঢ় ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো পুনরুজ্জীবনের কার্যক্রম শুরু করেছে। দারোয়ানি টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে টেন্ডার আহ্বান সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তা মূল্যায়নের শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটির উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, “এই মিল চালু হলে শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান, বদলে যাবে স্থানীয় মানুষের জীবনমান।”

তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি, শিল্পখাতে গতি ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিল্পখাতে নবজাগরণ ঘটাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

পাটখাতের সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিশ্ববাজারে পাটের চাহিদা দিন দিন বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পাটশিল্পকে আবারও দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.