× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে রুদ্ধশ্বাস চেষ্ঠায় একমাসেও পরিচয় মেলেনি অজ্ঞাত তরুণীর মৃতদেহের, পুলিশ বলছে সম্ভব

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

গত ১৬ মার্চ বিকেলে স্থানীয়দের মাধ্যমে পুলিশের কাছে তথ্য আসে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সীতাশ্রী গ্রামে মাঠের মধ্যে পুকুরের পানিতে ভেসে থাকা হতভাগা অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মৃতদেহের। এর পর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কিন্তু ততক্ষণেও উদ্ধার হওয়া ওই তরুণীর মৃতদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এর পর মৃতদেহটির ময়না তদন্ত শেষে আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুলিশ। 

ঘটনার ২ দিন পর মৌলভীবাজার সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে (মামলা নং ৩১)। তদন্ত কাজের দ্বায়িত্ব দেয়া হয় উপপরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাসকে। শুরু হয় হতভাগা ওই তরুণীর মৃতদেহের পরিচয় শনাক্তে এসআই হিরণ কুমার বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের রুদ্ধশ্বাস যাত্রা। তদন্তের দ্বায়িত্ব পাওয়ার পর শুরু থেকেই এসআই হিরণ কুমার বিশ্বাস প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে মৃতদেহের ছবি দিয়ে ব্যাপক প্রচারণা চালান। দীর্ঘ একমাসে পৃুলিশের অব্যাহত প্রচেষ্টার পরও এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি লাশের পরিচয় শনাক্তে। পুলিশের ধারণা অজ্ঞাত ওই তরূণীকে হয়তো অন্য কোথাও থেকে নিয়ে এসে হত্যা করে মৃতদেহটি পুকুরের পানিতে ফেলে দিয়েছে দুষ্কৃতিকারীরা। কারণ আশপাশের সব জায়গায় তার ছবি দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরাবাদ ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ওই তরুণীর মৃতদেহের গলায় রশি দিয়ে বাঁধা ছিল। হাতও জামা দিয়ে বাঁধা ছিল। মৃতদেহ উদ্ধারের পর তাঁর ফিঙ্গার প্রিন্ট দিয়ে শনাক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু সেটাও সম্ভব হয়নি। এর পর ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়েও মৃতদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশের সবগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর বেতার বার্তা পাঠানো হয়, ছবি সম্বলিত ই-মেইল পাঠানো হয়। কারণ যদি সংশ্লিষ্ট থানায় কেউ নিখোঁজ থাকে। তারপরও এখন পর্যন্ত ওই মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। 

জানা যায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিরণ কুমার বিশ্বাস সাম্প্রতিক সময়ে মৌলভীবাজারে ঘটে যাওয়া লোহমর্ষক ও চাঞ্চল্য সৃষ্টি করা আলোচিত বেশ কয়েকটি খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কাজে সম্পৃক্ত। বিশেষ করে গত বছরে মৌলভীবাজার পৌরসভার সামনে আইনজীবী সুজন হত্যাকাণ্ড, শমশেরনগর সড়কের ব্যবসায়ী রুবেল হত্যা, সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চাবাগানে জাকির হত্যা, মল্লিক সরাই গ্রামে পিতা কর্তৃক শিশু রাকিব হত্যা,চলতি বছরে শহরের সার্কিট হাউজ এলাকায় বড় ভাই এর হাতে ছোট ভাই খুন ও গত বছরে কুলাউড়া উপজেলায় আলোচিত শিক্ষার্থী আনজুম হত্যা মামলা তদন্তে বেশ সফল হয়েছেন তিনি। তাঁর অব্যাহত চেষ্টা আর দক্ষতায় চাঞ্চল্য সৃষ্টি করা এসব খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দ্রুততম সময়েই রহস্য উন্মোচন ও খুনিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। এতো সব সফল তদন্তের পরও সম্প্রতি উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর পরিচয় শনাক্ত রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তদন্তের দ্বায়িত্বে থাকা এ কর্মকর্তার কাছে। তবুও তিনি হাল ছাড়ছেন না। প্রতিদিনই নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট করে পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চাচ্ছেন। এ ছাড়াও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরকে ওই পোস্ট শেয়ারেও সহায়তা চাচ্ছেন তিনি।  

তদন্তক্রাী কর্মকর্তা এসআই হিরণ কুমার বিশ্বাস বলেন, লজিস্টিক সাপোর্ট ও প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা তরুণীর পরিচয় উদঘাটনের চেষ্টা চালাচ্ছি। এখানে তদন্তকারী হিসেবে শুধু আমি না, ছায়া তদন্তকারী হিসেবে আমাদের থানার সব কর্মকর্তাই কাজ করে যাচ্ছেন। এছাড়াও গোয়েন্দা পুলিশ ও পিবিআই সহ অন্যান্য সংস্থাও কাজ করছে। তিনি আরও বলেন, মূলত ওই তরুণীর পরিচয়টা না পাওয়ার কারণেই তদন্ত কাজ দেরি হচ্ছে। তবে পরিচয় অবশ্যই মিলবে। আমরা এই তদন্ত কাজে অবশ্যই সফল হবো, এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই।  

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মৃতদেহটির পরিচয় শনাক্তে তদন্তকারী কর্মকর্তারা রাতদিন চেষ্টা করেও শনাক্ত করতে পারেনি। আমাদের চেষ্ঠা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ওই তদন্তে জেলার সবচেয়ে দক্ষ কর্মকর্তার কাছে দ্বায়িত্ব দেয়া হয়েছে। আশা করি তিনি দ্রুত পরিচয় শনাক্ত করতে সক্ষম হবেন। এ ছাড়াও অজ্ঞাত পরিচয়ের মৃতদেহের পরিচয় শনাক্তে সিলেট থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই কাজ করছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.