× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের তাণ্ডব: ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম, ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ১৯:৩০ পিএম

লক্ষ্মীপুর শহরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের আকস্মিক হামলায় ছেলেসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর নিজেই ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের বাঞ্চানগর এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন এবং প্রায় এক বছর আগে অবসরে যান। বর্তমানে তিনি বাঞ্চানগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আহতরা হলেন—নাছির আহমদের ছেলে ইমরান (২১), একই এলাকার গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ইমরান গলায় গুরুতর আঘাত নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নাছির আহমদ তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আরও দুইজন গুরুতর আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত ব্যক্তি প্রায় এক বছর আগে অবসর গ্রহণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.