× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, ছাত্রদল নেতাকে বহিষ্কার

মো. সোহাগ আরেফিন , গুরুদাসপুর( নাটোর )

১৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৭ পিএম

দেশ জুড়ে জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যান পদে অর্ধশত হাইয়েস গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়ায় গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

গত রোববার (১২ এপ্রিল) উপজেলার গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে গাড়িবহরের শোডাউন শুরু হয়। ৫০টি হাইয়েস ও প্রাইভেট কারে অংশ নেন প্রায় ৪০০ নেতাকর্মী। গাড়িবহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে এমন এমন কর্মকাণ্ডে চারিদিকে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়।

নাম প্রকাশে না করার সর্তে স্থানীয় মাইক্রোবাস সমিতির একজন সদস্য জানান, গাড়িবহরে যে ৫০টি গাড়ি যুক্ত হয়েছিল, এর প্রতিটি মাইক্রোবাসের ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা। সব মিলিয়ে শোডাউনের জন্য অন্তত ২ লাখ ৫০ হাজার টাকায় গাড়ি ভাড়া করা হয়। এর সঙ্গে রয়েছে ৪০০ সমর্থকের আপ্যায়নের খরচও। ছাত্রদলের নেতা হয়ে ব্যয়বহুল শোডাউন দেওয়ায় অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা মোবাইল ফোনে ৫০টি যানবাহন অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেও ব্যয়ের উৎস নিয়ে কথা বলতে রাজি হননি। তবে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, শোডাউনের গাড়িগুলো জ্বালানি তেলে চালিত নয়। বেশির ভাগই এলপিজি ও সিএনজি চালিত গাড়ি। দলীয় পদ থেকে অব্যহতি নিয়েও কোনো মন্তব্য করেননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটকালে সরকারি দল বা যারা দায়িত্বশীল জায়গায় আছে সংকট উত্তরণে তাদের এগিয়ে আসা উচিত। সেখানে ছাত্রদল নেতা যেটা করেছে সেটা একদমই কাণ্ডজ্ঞানহীন একটি কাজ করেছে। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়েছে, যা অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদল নেতা মাসুদ রানা গাড়িবহরের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এসেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণে সোমবার ওই নেতাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.