ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা হতে আগত এবং স্থানীয় চারটি গ্রামের কয়েক হাজার মানুষের জমজমাট অংশগ্রহণে প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার নাসিরনগর উপজেলার অন্তর্গত পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নাথপাড়া ছাছুয়ামোড়া মহাশ্মশানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির ও শ্রীশ্রী দক্ষিণা কালীমন্দির প্রাঙ্গণে ভক্তগণের উদ্যোগে ঢাকার প্যারীদাস রোড হতে প্রকাশিত নবযুগ ডাইরেক্টরী পঞ্জিকার সিদ্ধান্ত মতে গত ২৯ চৈত্র ১৩ এপ্রিল সোমবার হতে ৩দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ধর্মীয় আলোচনা, শ্রীশ্রী তারকব্রহ্মহরিনাম সংকীর্তন, গীতাজ্ঞান প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
কর্মসূচী অনুসারে সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান স্থলে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ধর্মীয় আলোচনা করেন নাসিরনগর উপজেলার পূর্বভাগ নাথপাড়ার পাঠক শ্রীযুক্ত প্রফুল্ল দেবনাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাব্যতীর্থ দাঁতমন্ডল গ্রামের পাঠক শ্রী লিটন দেবনাথ। এরপর স্থানীয় শিল্পীরা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মঙ্গলবার আমন্ত্রিত কীর্তনিয়া দলসমূহ শ্রীশ্রী তারকব্রহ্মহরিনাম সংকীর্তন পরিবেশ করেন। পরবর্তীতে সমাগত ভক্তবৃন্দের মধ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
গত বুধবার সন্ধ্যায় গীতাজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, রাত ৮টায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানমালা আয়োজক কমিটির পূর্বভাগ নাথপাড়া, ভাটপাড়া ও করগ্রামের সনাতনী ভক্তবৃন্দের পক্ষে ছাছুয়ামোড়া মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি শ্রী সুপেন্দ্র দেবনাথ ৩দিন ব্যাপী অনুষ্ঠানমালায় ব্যাপক ভাবে অংশগ্রহণের মাধ্যমে সাফল্য মন্ডিত করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল ভক্তবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী বছর গুলোতেও প্রতি বাংলা বছরের শেষে চৈত্র সংক্রান্তি হতে নববর্ষ বরণ উৎসব চলমান থাকবে বলে জানিয়েছেন।