× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন

ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন হবে তো, প্রশ্ন ব্যবসায়ীদের

রাজশাহী ব্যুরো

১৭ এপ্রিল ২০২৬, ১৯:১৮ পিএম

নানা জল্পনা কল্পনা আর ঝক্কিঝামেলার বেড়াজাল পেরিয়ে অবশেষে শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৬-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল গত ১৫ জানুয়ারি’২০২৬ ইং তারিখে। সেনুযায়ি সকল প্রকার দাপ্তরিক প্রস্তুতি সম্পন্নসহ প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা ও ডামাডোলে পরিপূর্ণতা পেয়েছিল নগরীর ব্যবসায়িক মহলে।

নির্বাচনকে ঘিরে আনন্দ উৎসব আর উদ্দীপনা যখন নদীর কিনারাই অপেক্ষা করছিল; ঠিক সেসময়ই তীরে এসে ডুবেছে তরি। থেমে গিয়েছিল নির্বাচনী ডামাডোল। নির্বাচন অনুষ্ঠিত হবার দুদিন আগে গত ১৩ জানুয়ারি ‘রাজ/চেম্বার/নির্বাচন (২৬-২৮)/২০২৬-৬৫নং স্মারকনুযায়ী রাজশাহী চেম্বারের নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণাপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থগিত হওয়া সেই নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ১৮ এপ্রিল শনিবার। ‘নির্বাচন সাময়িক স্থগিতের বিজ্ঞপ্তি’ প্রকাশের পর একাধিক সভাপতি ও পরিচালক প্রার্থীরা নিজেদের দাবি ও মন্তব্যে জানিয়েছিলেন যে, পুণঃতফশীল ঘোষণাপূর্বক ১৮ জানুয়ারির মধ্যেই কর্তৃপক্ষকে নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু সেটি সম্ভব হয়নি।

এবারের নির্বাচনে মোট ২৮৯৮ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুটি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী মিলে সর্বমোট ৪৪ জন অংশ নিচ্ছেন নির্বাচনে। এই নির্বাচনকে ঘিরে কয়েকমাস আগে নতুন সদস্য পদ ও সদস্য অন্তর্ভূক্তি নিয়ে সৃষ্টি হয়েছিল হট্টগোল। অবশেষে বিষয়টির সুরাহা হয়েছে। নির্বাচনে পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৩৭ জন। সভাপতি পদের বিপরীতে দুই প্যানেল থেকে একজন করে স্বতন্ত্র মিলে মোট তিনজন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের বিপরীতে দুজন করে মোট চারজন প্রার্থী অংশ নিচ্ছেন ভোটযুদ্ধে। ২০১২ সালের পর টানা ছয়টি কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যকর নেতৃত্ব এবং উন্নয়নমূলক উদ্যোগে স্থবিরতা দেখা দেয় বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রত্যাশা এবারের নির্বাচনের মধ্যদিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্থবিরতা লাঘব হবে এবং ব্যবসায়ীরা তাদের মত প্রকাশের সুযোগ পাবে।

চেম্বারসূত্র বলছে, স্থানীয় বাজার ও উৎপাদনকে বহিঃবিশ্বের সংশ্লিষ্ট ক্রেতা ও ব্যবসায়িদের কাছে পৌছে দেবার জন্য পূর্ববর্তী সময়গুলোতে বেশকিছু উদ্যোগ হাতে নেয়া হলেও; কাগজ কলম আর সভা সমাবেশের মধ্যেই আটকে ছিল সেইসকল উদ্যোগ। বেশকিছু কিছু ব্যবসার ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যতের তারা হয়ে সেইসকল উদ্যোগ আকাশে উঁকি দিলেও, কালো মেঘের আগ্রাসনে ঢেকে গেছে বারংবার বলে মন্তব্য অনেকের। এবারও কি সেই কালো মেঘের আড়ালেই থাকবে রাজশাহীর স্থানীয় ব্যবসার উন্নয়নের হাতছানি, নাকি রাজনীতি ও ভৌগলিক কারনে দুর্ভ্যেদ্ধ কোন প্রাচীর সেই সুযোগের সামনে এসে দাড়াবে, হবে কি ভাগ্যের পরিবর্তন? এমন আক্ষেপ আর হতাশামাখা প্রশ্ন ব্যবসায়িদের মাঝে কড়া নাড়ছে।

কয়েকবছর আগে রাজশাহী চেম্বার অফ কর্মাসের মিলনায়তনের এক অনুষ্ঠানে রাজশাহীর মাছ ব্যবসায়ীরা নিজেদের চাষকৃত মাছের গুণগতমান নিজ শহরেই পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশে রপ্তানির দাবি জানিয়েছিলেন। ঢাকাতে গিয়ে মাছ পরীক্ষা করার ভোগান্তি আর অতিরিক্ত ব্যয়ের গন্ডি থেকে পরিত্রাণ পাবার আশায় এই দাবি তোলেন তারা। প্রাথমিকভাবে সেই দাবির স্বপক্ষে দায়িত্বরতরা সাই দিলেও আজ অবদি সেবিষয়ে কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অন্যদিকে, আমের জন্য হিমাগর তৈরি ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তৈরির বিষয়টিও স্থবির হয়ে আছে। কম খরচে ভারতের সাথে নৌপথে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটানোর  জন্য সুলতানগঞ্জে নৌপথ সৃষ্টি করা হলেও, সেটিও আজ প্রায় মুখ থুবরে পড়ে আছে অবকাঠামোগত উন্নয়নের অভাবে। অন্যদিকে, ভারি কোন শিল্প প্রতিষ্ঠান ও কর্মসংস্থান তৈরি তো দূরের কথা, রাজশাহীর বিসিক শিল্পনগরীর অবস্থা প্রায় নতজানু। কোনরকম খুড়িয়ে খুড়িয়ে চলছে বাসিকের ছোটখাটো কারখানাগুলো।

যুগের পর যুগ ধরে রাজশাহীর ব্যবসা বাণিজ্যে লাগেনি তেমন কোন উন্নয়নের ছোয়া। সরকার বদলের সাথে সাথেই ব্যবসায়ী মহলে নতুন নতুন নেতা ও হর্তাকর্তাদের দেখা মিললেও, পিছিয়ে পরা রাজশাহীর ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ আর ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে খুব একটা অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হননি কোন ব্যবসায়িক নেতা বলেও মন্তব্য অনেক ব্যবসায়ির। সরকারের আমলা আর রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা তৈরি করে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছেন বলেও অভিযোঘ অনেকের। পূর্ববর্তীদের মতো আগত নতুন হর্তাকর্তারা যদি তেমনটাই করেন, তাহলে কি লাভ বলে হতাশামাখা মন্তব্য ব্যবসায়ীদের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.