সারা দেশে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রংপুর সিটি করপোরেশনে (রসিক) টিকাদান ক্যাম্পেইন সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডের ৭৮ হাজার ৬২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রংপুর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটি প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এ ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
সিটি প্রশাসক জানান, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং ইসলামিক ফাউণ্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
মাহফুজ উন নবী আরও বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন অপপ্রচারে বিভ্রান্ত না হন—সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। এসময় হাম-রুবেলা টিকা গ্রহণের পর কোন সমস্যা দেখা দিলে অভিভাবকদের না ঘাবড়ে শিশুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় ও স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।