ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৬ ব্যাচের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দঘন মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭৬ ব্যাচের সহপাঠীদের নিয়ে শুক্র ও শনিবার (১৭,১৮ এপ্রিল) দুইদিন ব্যাপী এক বর্ণিল মিলন মেলায় বৃক্ষরোপণ, র্যালী, স্মৃতিচারণ, আনন্দ ভ্রমণ, প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে স্কুল মসজিদে দোয়া মাহফিল শেষে স্কুল আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়। এরপর রাতে শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পর্ব, র্যাফেল ড্র,কেক কাটা ও ভোজন অনুষ্ঠিত হয়।
পরের দিন শনিবার চট্রগ্রামের মীরসরাই মহামায়া লেকে আনন্দ ভ্রমণের মাধ্যমে দুইদিন ব্যাপী মিলন মেলার সমাপ্তি ঘটে।
এ মিলন মেলা হাজির হয়েছে স্মৃতির ঢালি নিয়ে। অনেকদিন না দেখা বন্ধু, সহপাঠীদের পেয়ে সবাই ছিল আনন্দে। দীর্ঘদিন পরে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা। এসএসসি ব্যাচ ১৯৭৬ সেই চিরচেনা সহপাঠীদের মুখগুলো কত বছর দেখা হয়নি। কে কোথায় আছে? কেমন আছে? শুনবার, জানবার ও দেখবার আগ্রহের কমতি ছিল না কারো।দুইদিন ব্যাপী আনন্দঘন পরিবেশে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চলেছে এ ব্যাচের জাঁকজমকপূর্ণ মিলন মেলা।
সফলতম এই ব্যাচটির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা শেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার স্বাক্ষর রেখে কর্মরত থেকে নিজেদের অবস্থান করে নিয়েছে।
ফেনী পাইলট স্কুল ১৯৭৬ ব্যাচের সহপাঠীরা বলেন, আমরা এ স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। দীর্ঘ ৫ বছর এখানে নিয়মিত যাতায়াত ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই শৈশব এবং কৈশোরে স্মৃতি বিজড়িত আজ দীর্ঘদিন পর বাল্য বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে।
মিলন মেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল সরকার।স্মৃতিচারণ অনুষ্ঠানে সহপাঠীদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, মোহাম্মদ শাহজাহান, মোজাম্মেল ইসলাম চৌধুরী তসলিম, ফজলুর রব হাজারী, নুরুল আলম চৌধুরী জিল্লু, শাহীন হায়দার, ডা: মঈন উদ্দিন, ডা: নাসির উদ্দিন, ডা: দিদারুল ইসলাম,আবদুল মুকিত,জিল্লুর রহমান আজাদ,মো: মাহবুবুর রহমান প্রমুখ।