× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা আর নেই

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৬, ১৫:১১ পিএম

নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত রাজনীতিবিদ সামসুদ্দোহা (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সামসুদ্দোহা নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া পুরানবাড়ি এলাকার মৃত মহি উদ্দিনের সন্তান।

তার ছোট ভাই প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কাঞ্চনপাড়া এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে সামসুদ্দোহা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুদ্ধোত্তর বাংলাদেশে তিনি জনকল্যাণমূলক রাজনীতি ও সামাজিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখেন।

এছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলেও তার পরিচিতি ছিল উল্লেখযোগ্য। তিনি রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে নীলফামারীসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন ও সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা বলেন, সামসুদ্দোহা ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ ও মানবিক রাজনীতিবিদ। তার অবদান নীলফামারীসহ জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.