রংপুর সিটি করপোরেশনসহ জেলার ৮ উপজেলায় একযোগে শুরু হয়েছে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকালে সিটি করপোরেশন প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
এ সময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর রবার্টসনগঞ্জে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. গওসুল আজিম চৌধুরী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় হাম-রুবেলার টিকা প্রদানে সচেতনতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই দিনে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় সিভিল সার্জন ডা. শাহীন সুলতানাসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইনে রংপুরের ৮ উপজেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জন এবং সিটি করপোশেনে ৭৮ হাজার ৬২৮ জন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন সনাক্ত ২৩ রোগী : রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ২৩ রোগী শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, নতুনভাবে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে লালমনিরহাট জেলা হাসপাতালে ১০ জন, দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন রয়েছে।
গত ৩০ মার্চ থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে ৬৭০ জন হামের উপসর্গ থাকা রোগী শনাক্ত হয়েছে এবং ৬১৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫২ রোগী চিকিৎসাধীন রয়েছে।