× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে বইমেলা উদ্বোধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারীপ্রতিনিধি।

২২ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘বইমেলা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় আইন পেশাজীবীদের পাশাপাশি বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহমুদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া এবং জজশিপের অন্যান্য বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা।

এছাড়া অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা (সজীব), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পি.পি অ্যাডভোকেট মো. আনিছুর রহমান আজাদ, সরকারি কৌঁসুলি (জি.পি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমসহ জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ফিতা কেটে বইমেলার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আইন, সংবিধান, করব্যবস্থা, মানবাধিকার ও বিচারব্যবস্থা বিষয়ক বই ঘুরে দেখেন।

বক্তারা বলেন, আইন পেশায় দক্ষতা অর্জনে নিয়মিত অধ্যয়ন ও হালনাগাদ জ্ঞানের বিকল্প নেই। এ ধরনের বইমেলা নতুন প্রজন্মের আইনজীবীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করবে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মেলায় দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনবিষয়ক গ্রন্থ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আইনজীবী, শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের জন্য এটি একটি কার্যকর জ্ঞানবিনিময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আইনজীবী সহকারী, বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.