× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেজিস্ট্রেশন বিভাগের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

ফরিদ উদ্দিন

২২ এপ্রিল ২০২৬, ১৭:২২ পিএম

ফেসবুকভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর, অনলাইনভিত্তিক পোর্টাল, ভার্চুয়াল মিডিয়া মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও অশালীন কনটেন্ট প্রচারের মাধ্যমে রেজিষ্ট্রেশ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি প্রশাসনিক ভাবমর্যাদাও নষ্ট করা হচ্ছে বলে দাবি করা হয়েছে বিআরএসএ পক্ষ থেকে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

রেজিস্ট্রেশন বিভাগের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে গত ১৬ এপ্রিল সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক আবেদনে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

আবেদনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে রেজিস্ট্রেশন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অশালীন, অবাস্তব ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এতে করে বিভাগটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়।

সংগঠনটির অভিযোগ, রেজিস্ট্রেশন বিভাগকে উন্নয়ন ও আধুনিকায়নের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের টার্গেট করে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর পেছনে পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপট-সংশ্লিষ্ট সুবিধাভোগী একটি চক্র জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ঘিরেও এ বিভাগ সম্পর্কে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। পরে একই চক্র বিভাগটির কিছু কর্মকর্তাকে জড়িয়ে ‘বদলি বাণিজ্য’ সংক্রান্ত গুজব ছড়িয়েছে বলেও দাবি করা হয়।

সংগঠনটি জানায়, পূর্ববর্তী সময়ে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তবে তা তদন্তের মাধ্যমে নিরূপণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে তারা। তবে কোনো ধরনের তদন্ত ছাড়াই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘মিডিয়া ট্রায়াল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ ধরনের অপপ্রচারে রেজিস্ট্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং কর্মকর্তাদের মনোবল ভেঙে পড়ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভাগটির স্বচ্ছ ও দক্ষ কর্মকর্তাদের হেয় করার চেষ্টা করছে বলে দাবি করা হয়।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এ ধরনের সব অযাচিত, কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.