× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্যা ঘোনা থেকে নয়ন দাশ (৩০) নামের ওই সন্ন্যাসীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি মন্দিরে এসে ‘নয়ন সাধু’ বলে ডেকে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের স্ত্রী অঞ্জনা শীল জানান, তারা স্বামী-স্ত্রী দীর্ঘ দুই বছর ধরে শ্রীশ্রী সার্বজনীন শিব-কালী মন্দিরে সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনার রাতে অজ্ঞাত ব্যক্তিদের ডাকে বাইরে যাওয়ার পর তার স্বামী আর ফিরে আসেননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরদিন (২০ এপ্রিল) সকালে মন্দির থেকে প্রায় ৫০ গজ দূরে জঙ্গলের ভেতরে তার স্বামীর পরিহিত একটি কাপড় পাওয়া যায়। এতে তার সন্দেহ, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হত্যা করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.