নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক, ন্যামপ্লেট, সিমকার্ড ও ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের ঝগড়ুর টাড়ী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সন্দেহজনক কিছু সামগ্রী প্রথমে দেখতে পান কয়েকজন কৃষক। পরে তারা কাছে গিয়ে দেখতে পান, সেগুলো পুলিশের পোশাক, ন্যামপ্লেট, একটি সিমকার্ড এবং একটি ধারালো চাকু। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়।
এলাকাবাসীর ধারণা, কোনো অপরাধী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পুলিশের পরিচয় ব্যবহার করতে চেয়েছিল, অথবা অপরাধ সংঘটনের পর আলামত নষ্ট করতে এসব সরঞ্জাম ফেলে রেখে গেছে। নির্জন এলাকায় এ ধরনের সংবেদনশীল সরঞ্জাম উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে এবং আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া সরঞ্জামগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এগুলোর উৎস এবং কারা এখানে ফেলে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কোনো অপরাধমূলক পরিকল্পনা বা পূর্ববর্তী অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।