চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদেশি পিস্তল ও গুলিসহ ডাকাতি, দস্যুতা ও হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মি: সীতাকুণ্ড মডেল থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিনুল ইসলামের নেতৃত্বে থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও হত্যা মামলাসহ মোট ১৫টি মামলার আসামি নলা কাশেমকে আটক করা হয়। তার বিরুদ্ধে র্যাব–৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মহিনুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীতাকুণ্ডকে অপরাধমুক্ত রাখতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এলাকার কুখ্যাত খুনি, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, দুর্ধর্ষ ডাকাত, ছিনতাইকারী ও ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কঠোর অবস্থানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।