পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় কলেজ গেটের সামনে থাকা ছাত্রদলের একটি অস্থায়ী অফিস ভাঙচুর করে ছাত্র শিবির। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গতকাল ২২ এপ্রিল ছাত্রদল ঈশ্বরদী সরকারি কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারই প্রেক্ষিতে আজ ২৩ এপ্রিল ইসলামি ছাত্র শিবির ঈশ্বরদী সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিক্ষোভ মিছিলে ছাত্র শিবির ‘গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে’, ‘রগ কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘হাবিবের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন উত্তপ্ত স্লোগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব অভিযোগ করেন, শিবিরের মিছিল থেকে তাদের নেতাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে শিবির কর্মীরা হামলা চালায় এবং তাদের ব্যানার ও অফিস ভাঙচুর করে।
কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন বলেন, কলেজের সামনে অবস্থানরত তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় শিবিরের সন্ত্রাসীরা, এতে কয়েকজন আহত হন। তিনি প্রশাসনকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সরকারি কলজে ছাত্রশিবিরের সভাপতি মাহমুদূর রহমান বলেন, চট্টগ্রামে সাধারণ ছাত্র ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর ছাত্রদল হামলার ঘটনায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ভাইয়েরা একটি বিক্ষোভ সমাবেশ করে এবং আমাদের বিরুদ্ধে উল্টা বক্তব্য দেয়। তারই প্রতিবাদে আমরা আজ বকুলের মোড় থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে পৌছালে ছাত্রদলের পার্থিব ভাই আমাদের উপর ইটপাটকেল ছোড়ে এবং সম্রাট ভাই উনার হাতে রিভালবার ছিল, উনি গুলিবর্ষণ করেন। ফলে আমাদের মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজন আহত হয়। তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ছাত্রদল যখন আমাদের উপর হামলা চালায় তখন আমাদের কিছু ভাই পালটা ইটপাটকেল ছোড়ে এবং তাদের আমরা নিবৃত করি। কিন্তু এরই মধ্যে কিছু টোকাই শ্রেণীর ছেলেপেলে অনুপ্রবেশ করে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিক ছিল তারা সকলেই দেখেছে কারা আগে হামলা করেছে। আশা করি পুলিশ ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবিরের একটি মিছিল ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
