“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের সবাইকে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে, পুষ্টি বিষয়ক আলোচনা সভা। স্থানীয় বাসিন্দাদের জন্য পুষ্টি পরামর্শ প্রদান। একটি এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন। আগামী ২৬ এপ্রিল উপজেলা পরিষদ হল রুমে শিশুদের জন্য পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. রুপন দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং পুষ্টি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।