× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।

২৮ এপ্রিল ২০২৬, ১৬:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে জৈব-বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর একদিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ প্রেক্ষাপটে বায়োপেস্টিসাইডকে নিরাপদ, কার্যকর এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরা হয়। তারা মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং দীর্ঘমেয়াদে টেকসই কৃষি নিশ্চিত করতে জৈব-বালাইনাশকের গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুল ইসলাম।

কর্মশালায় ব্র্যাক উদ্ভাবিত উন্নতমানের বিভিন্ন ফসলের জাত—হাইব্রিড ধান ‘রাজা’, করলা বীজ ‘মনি’, চিচিঙ্গা ‘চাঁদনী’ এবং উন্নতমানের আলু বীজের বৈশিষ্ট্য ও আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া স্থানীয় বীজ ব্যবসায়ী ও ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন—মেসার্স ভাই ভাই বীজ ভান্ডারের প্রোপ্রাইটর মো. আব্দুল খালেক, সংগ্রাম বীজ ভান্ডার ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মো. আব্দুল আলিম, মনির বীজ ভান্ডারের প্রোপ্রাইটর মো. মহিউদ্দিন, কনিকা বীজ ভান্ডারের প্রোপ্রাইটর মো. উমর আলী এবং ভালাইপুর, চুয়াডাঙ্গার ডিলার মো. আব্দুল মতিন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. জাকির হোসেন (টিএসও, ঝিনাইদহ-১), মো. রহিজুল ইসলাম (পিডিএস, চুয়াডাঙ্গা) এবং মো. গোলাম কিবরিয়া (টিএসও, চুয়াডাঙ্গা)।

কর্মশালায় আন্দুলবাড়িয়া, জীবননগর ও চুয়াডাঙ্গা এলাকার মোট ৫৫ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের বায়োপেস্টিসাইডের পরিচিতি, সঠিক প্রয়োগ পদ্ধতি, কার্যকারিতা এবং ফসলের রোগ-পোকা দমনে এর ভূমিকা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “রাসায়নিক কীটনাশক থেকে বায়োপেস্টিসাইডে রূপান্তর এখন সময়ের দাবি। টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব-বালাইনাশকের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্র্যাক সিডের উদ্যোগ প্রশংসনীয়।”

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা মাঠপর্যায়ে বায়োপেস্টিসাইডের কার্যকারিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সবজি বীজ ও জৈব-বালাইনাশক উপহার হিসেবে বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.