× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলনগরে গোপন শপথের ভিডিও ঘিরে উত্তেজনা, মামলায় গ্রেপ্তার ১

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর

২৯ এপ্রিল ২০২৬, ১৮:১২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে মামলার বাদীর নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার কালকিনি ইউনিয়নে মোমবাতি জ্বালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী শপথ গ্রহণ করেন। একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও পৃথকভাবে শপথে অংশ নেন।

পরদিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে ২ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করতে ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আন্দোলন-সংগ্রামে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে, তাদের মধ্যে রয়েছেন চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী, আবদুস শহীদ, আলাউদ্দিন, ফয়সাল, আ. শহীদ, মো. রনি, সফিক, ফিরোজ আলম, আবুল কাশেম, কাঞ্চন মিয়া, রুহুল আমিন বড়মিয়া, সোহেল, মো. লিটন, মাইন উদ্দিন ও বাবুলসহ আরও অনেকে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে পারব।”

কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.