ময়মনসিংহের ভালুকা উপজেলা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির চারপাশের বেড়ায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সুবোধ বিজয় ভট্টাচার্য্য ভালুকা মডেল থানা এ লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী সুবোধ বিজয় ভট্টাচার্য্য বর্তা গ্রামের মৃত উপেন্দ্র বিজয় ভট্টাচার্য্যের ছেলে। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা তার প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছেন।
অভিযোগে জসিম উদ্দিন, সাইদুল ইসলাম, ফকর উদ্দিন, মফিজুল ইসলাম, সামিউল হক, সোহাগ মিয়া, মাসুম মিয়া, মাসুদ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তার বসতবাড়ির সামনে এসে বাড়ির চারপাশের বাউন্ডারিতে থাকা প্লাস্টিকের নেটের বেড়ায় আগুন ধরিয়ে দেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সুবোধ বিজয় ভট্টাচার্য্য বলেন, বিষয়টি জানতে পেরে তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা দা ও লোহার শাবল নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরও দাবি করেন, সাইদুল ইসলাম গং ৮৪১২ নম্বর দলিল দেখিয়ে ১ একর ৮ শতাংশ জমি পৈতৃক সম্পত্তি হিসেবে নামজারি করে নেন। তবে ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার বাবা বা দাদা ওই দলিলমূলে কোনো জমি বিক্রি করেননি। দলিলটির মূল দাতা আব্দুল মান্নান এবং গ্রহীতা আব্দুল মতিন খা। তাদের বাড়ি পনাশাইল এলাকায় এবং ওই দলিলের সঙ্গে তাদের জমির কোনো সম্পর্ক নেই বলে অভিযোগ করেন তিনি। এ কারণে খারিজ বাতিল চেয়ে ভালুকা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় বরাবর আবেদন করা হয়েছে।
সুবোধ বিজয় ভট্টাচার্য্য আরও বলেন, খারিজ বাতিলের আবেদন করার পর থেকেই তারা নানা হুমকি দিচ্ছেন। সর্বশেষ রাতের আঁধারে বসতবাড়ির বেড়ায় আগুন দেওয়া হয়েছে। এতে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, ঘটনার রাতে তিনি দোকানে ছিলেন। কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। জমির নামজারির বিষয়ে তিনি বলেন, দালালের মাধ্যমে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল। তবে ওই ব্যক্তির পরিচয় তার মনে নেই।
এ বিষয়ে ভালুকা মডেল থানা র এএসআই সালাউদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির পাশের বেড়ায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে।