ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে মোসলেম উদ্দিন ছিলেন আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন।
দলীয় দায়িত্বে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম।
তিনি জানান, আগামীকাল (রোববার) মরহুমের জানাজা তিন দফায় অনুষ্ঠিত হবে। সকাল ১০টা: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ, দুপুর ৩টা: ফুলবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ বিকেল ৫টা: আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠ জানাজা শেষে উপজেলার নিউগী কুশমাইল নিজ বাড়িতে তাঁকে দাফন করা হবে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।