ফেনী পৌর যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে গত ৩০ এপ্রিল ঘোষিত পৌর যুবদলের ওয়ার্ড কমিটিসমূহ বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
রবিবার (৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি গত ৩০ এপ্রিল ঘোষিত ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত করা হয়েছে।
এনামুল হক সুজন বহিষ্কারঃ
তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণের অভিযোগে ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদককে শোকজঃ
গত ৩০ এপ্রিল ঘোষিত ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ড কমিটিতে ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার অভিযোগে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।
তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।