নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নে নিরলস কাজ করে যাচ্ছেন দুই চৌকস কর্মকর্তা। জনবান্ধব উদ্যোগ ও নানামুখী পদক্ষেপের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন বর্তমানে স্থানীয় জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাঁদের দায়িত্ববোধ ও কর্মতৎপরতা পুরো উপজেলায় ইতিবাচক সাড়া ফেলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে যোগদানের পর থেকেই জনস্বার্থে একের পর এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে বাণিজ্যক শহর চৌমুহনীর দীর্ঘদিনের অভিশাপ 'তীব্র যানজট' নিরসনে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করছেন। যানজটের উৎসগুলো চিহ্নিত করে অবৈধ ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে তাঁর প্রচেষ্টা সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করেছে।
এছাড়া, এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা ও খাল পরিষ্কারকরণে তিনি নিয়মিত তদারকি করছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে ঝটিকা সফর এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সামাজিক ও মানবিক নানা সংকটে তাঁর সরব উপস্থিতি তাঁকে জনসাধারণের প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন যোগদানের পর থেকে ভূমি অফিসের চিরচেনা স্থবিরতা দূর করে কাজের নতুন গতি সঞ্চার করেছেন। ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তিনি নিয়মিত শুনানি পরিচালনা করছেন, যা সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব করেছে।
ফসলি জমির টপসয়েল (উপরের অংশ) রক্ষা এবং যত্রতত্র অবৈধভাবে কৃষি জমি ভরাট বন্ধে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। নিয়মিত অভিযানের মাধ্যমে জেল-জরিমানা করে তিনি ভূমিদস্যুদের দৌরাত্ম্য অনেকটা কমিয়ে এনেছেন। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দালালের দৌরাত্ম্য বন্ধে তাঁর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ উপজেলায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপজেলার সচেতন নাগরিকরা মনে করছেন, প্রশাসনের এই দুই কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টায় বেগমগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন বলেন, "সব প্রশংসা মহান আল্লাহ তায়ালার। সরকারি কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। আমরা বেগমগঞ্জবাসীর কল্যাণে এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জনস্বার্থে আমাদের এই প্রচেষ্টা ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
