নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় ভোরের নীরব সময়কে লক্ষ্য করে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই কৌশলে অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর প্রায় ৪টার দিকে খামারনাচকৈড় সরকারি জোহা কলেজের সামনে প্রথম ঘটনাটি ঘটে। নয়াবাজার হাটে যাওয়ার পথে ভ্যানে থাকা আনছু প্রামাণিক ও জাহের শাহকে থামিয়ে মুখ ঢাকা দুর্বৃত্তরা চাপাতি দেখিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
কিছুক্ষণ পর একই স্থানে ফজরের নামাজে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন স্থানীয় মসজিদের ইমাম মো. মোবিদুল ইসলাম মুবিন। তাঁর কাছ থেকেও একইভাবে টাকা ও ফোন কেড়ে নেওয়া হয়।
এরপর ফজরের নামাজ শেষে রোকেয়া মোড় এলাকায় হাঁটতে বের হওয়া এক নারীর পথরোধ করে তাঁর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে ডাকাতি, গরু চুরি, হুমকি এবং সরকারি কোয়ার্টারে হামলার মতো ঘটনায় বাসিন্দাদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। ভোরের মতো সংবেদনশীল সময়ে এমন ধারাবাহিক ছিনতাই পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
গত ৫ মে এ পরিস্থিতি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “ঘটনাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”