× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২ হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

আরিফুর রহমান, চরফ্যাশন (ভোলা)

০৬ মে ২০২৬, ২২:০৬ পিএম

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায়  বুধবার (৬ মে) সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এই মানবিক সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলার মোট ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক জেলে পরিবারকে দেওয়া হয়েছে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। এ সময় যেন জেলে পরিবারগুলো আর্থিক ও খাদ্য সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। এটি তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “শুধু খাদ্য সহায়তাই নয়, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকৃত জেলেরা যাতে এই সুবিধা পায়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।”

খাদ্যসামগ্রী পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে তারা আরও উৎসাহিত হবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.