নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেছেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হওয়া জঙ্গল সলিমপুর এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করা হবে।
শুক্রবার (৮ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে একটি আলোচিত ও সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। একসময় এখানে ‘রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ ধরনের পরিস্থিতির কথা শোনা গেছে এবং অতীতে র্যাব সদস্য হত্যার মতো ঘটনাও ঘটেছে। সন্ত্রাস নির্মূলের পরিকল্পনা দিয়েই তিনি কাজ শুরু করতে চান বলে জানান।
এসপি মাসুদ আলম বলেন, এলাকায় একটি “ফেয়ারনেস এনভায়রনমেন্ট” তৈরি করা হবে, যাতে দেশের অন্যান্য এলাকার মতো এখানকার বাসিন্দারাও শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বসবাস করতে পারেন। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাবে এবং যেকোনো প্রতিবন্ধকতা কঠোরভাবে মোকাবেলা করা হবে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কাটা, পরিবেশ ধ্বংসসহ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি এলাকায় অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার অভিযোগও রয়েছে।
পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন, দায়িত্বপালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। ভবিষ্যতে স্থায়ী ক্যাম্প নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন তিনি। এ সময় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে তিনি সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সীতাকুণ্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।