× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮ পর্যটকসহ ১২ জন

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

০৯ মে ২০২৬, ২০:২৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে ৮ জন পর্যটক।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত পর্যটকরা হলেন— শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)। তারা ঢাকার বারিধারা নতুনপাড়া এলাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর শিক্ষার্থী।

এর মধ্যে ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত স্থানীয় ব্যবসায়ীদের পরিচয় জানা যায়নি।

গুলিয়াখালি সমুদ্র সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম জানান, দোলনা ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

আহত শিক্ষার্থী মাহীন অভিযোগ করেন, তাদের ওপর প্রথমে হামলা চালানো হয় এবং পরে মীমাংসার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ সময় কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে, যা পরে ফেরত দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.