× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবমূল্যায়িত ক্ষোভে হাবিবের অর্ধশতাধিক সমর্থকের পিন্টু গ্রুপে যোগদান

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা)

১০ মে ২০২৬, ১৬:৪০ পিএম

ছাত্রজনতার গনঅভ্যুত্থানে পতন ঘটেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের। বিগত ১৭ বছর পর নিজ ঘরে ফিরতে পেরেও অভ্যন্তরীন কোন্দলেই বিভক্ত বিএনপির রাজনীতি। সেই বিভক্তের তালিকা থেকে বাদ পড়েনি পাবনা-৪ আসন(ঈশ্বরদী-আটঘরিয়া)। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিকে নির্বাচন করেছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং তারই ঘনিষ্ঠ প্রতিদন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে লড়েছিলেন দল থেকে বহিষ্কার হওয়া ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু। ঐক্যের জোটে ঘাটতি ও অভ্যন্তরীন কোন্দলেই মূলত এ আসনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে দাবী তৃনমূল বিএনপির।

বর্তমানে পাবনার ঈশ্বরদীতে বিএনপির রাজনীতিতে বিভক্ততা ও আধিপত্যের লড়াইয়ে টালমাটাল অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে গত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচন করা অর্ধশত নেতাকর্মী বারংবার অবমূল্যায়িত হয়ে ক্ষোভে পড়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সেই জাকারিয়া পিন্টু গ্রুপে যোগদান করেছেন। গতকাল শনিবার( ৯ মে) প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা এ যোগদান কার্যক্রম সম্পন্ন করেছেন। 

ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ আওয়াল কবির সহ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের প্রায় ৫৩ জন নেতাকর্মী ঐক্যবদ্ধতার বিএনপি ও রাজনীতির লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এদিকে তাদের এমন সিদ্ধান্তকে মেনে নিয়ে যোগদানকৃত সকল নেতাকর্মীকে জাকারিয়া পিন্টুর পক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকদলেে সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। 

নির্বাচনের আগে ধানের শীষের বাইরে নির্বাচন করলেই 'বহিষ্কার', দলীয় হাইকমান্ডের এমন হুশিয়ারিতে পাবনা-৪ আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষ ছেড়ে পাড়ি দিয়েছিলেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে। নির্বাচনে এ আসনে ধানের শীষের ভরাডুবির পরে ঈশ্বরদীতে কয়েক দফায় নেতাকর্মীদের এমন রদবদলের পর গতকাল আবারো হাবিব গ্রুপের অর্ধশত সমর্থকদের প্রতিপক্ষ পিন্টু গ্রুপে যোগদানের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তার বাইরেও বার বার আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, "আধিপত্যে বিস্তারে এগিয়ে থাকা নাকি আসলেই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি করা?

রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট মোঃ সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস বলেন, রাজনীতিতে আদর্শিকতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা না থাকলে কর্মীদের রাজনীতির সঠিক মতাদর্শে গড়ে ওঠা সম্ভব হয়না। কর্মী শক্তির বলে বড়াই করা গেলেও সেই কর্মীদের আদর্শিকভাবে গড়ে তুলতে না পারলে বার বারই এমন পদস্খলন হবে। গত নির্বাচনে বিএনপির ভরাডুবির মূল কারন হলো অভ্যন্তরীন কোন্দল আর কর্মীদের অবমূল্যায়ন। নির্বাচনের আগে ও পরে অর্থ্যাৎ গতকাল হাবিবুর রহমান হাবিবের যে সমর্থকগুলো পিন্টুর সঙ্গে যোগদান করেছে তা মূলত হাবিব সাহেবের নেতৃত্বে দূর্বলতা আর কর্মী মূল্যায়নে ব্যর্থতার ফলাফল। এ ধরনের রাজনৈতিক চর্চা দলের জন্য কেবল ক্ষতিই বয়ে আনবে। এ সমস্যা উত্তরনে একমাত্র কেন্দ্রীয় বিএনপির কৌশলগত হস্তক্ষেপ প্রয়োজন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন বলে গেছেন, বিএনপি টোকাইদের নিয়ে রাজনীতি চাইনা, যোগ্যতামূলক রাজনীতি দেখাতে হবে ঠিক তেমনই স্থানীয় পর্যায় থেকে সেই যোগ্যদের নিয়ে রাজনীতি শুরু করার চর্চা করতে হবে।

ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ আওয়াল কবির বলেন, ঐক্যের রাজনীতি করার লক্ষ্য নিয়ে জাকারিয়া পিন্টু গ্রুপে যোগদান করেছি। তিনি দল থেকেই যতই বহিষ্কৃত নেতা হোক সেও বিএনপিরই তৈরি একজন জিয়ার সৈনিক। হটাৎ কেন এ রদবদল জানতে চাইলে তিনি বলেন, যে দলের জন্য ১৭ বছর হামলা মামলা আর পালিয়ে বেড়িয়েছি সেই দল এখন ৫ তারিখের পরের বিএনপিকে আমাদের থেকে বেশি মূল্যায়ন করে। ঈশ্বরদীতে দলীয় নেতৃত্বে হাবিবুর রহমান হাবিবের কাছে আমরা ত্যাগীরা সঠিক মূল্যায়ন না পেয়েই আজ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। 

এদিকে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করে আবারো ঐক্যের রাজনীতির পথে হাঁটার ডাক দিয়ে জাকারিয়া পিন্টুর পক্ষে উপজেলা স্বেচ্ছানেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, ফ্যাসিস্টের সময় যে সহযোদ্ধাদের নিয়ে রাজপথে লড়াই করেছি তাদের কৌশলে ব্যবহার করার উদ্দেশ্যে একটি পক্ষ টেনে নিয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছে দলের আবারো দুঃসময় আসতে পারে, আর দুঃসময়ে ঈশ্বরদীকে দলের হাল একমাত্র জাকারিয়া পিন্টুই ধরতে পারে। সবচেয়ে বড় কথা বিএনপিকে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব ও কর্মী মুল্যায়ন খুবই জরুরি যা তারা অন্য কোথাও পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হিমশিম খেতে পারেন। একারনে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে আবারো ঐক্যের ডাক দিচ্ছি, আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে দল তথা পুরো বাংলাদেশকে এগিয়ে যাক।

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলের, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের বিরুদ্ধে রাজনীতি করে তাদের দল মূল্যায়ন করবেনা এটাই স্বাভাবিক। যেসব নেতাকর্মী ঘটা করে গ্রুপ পরিবর্তন করছে তারা আগে থেকেই যোগদান করা পিন্টু গ্রুপেরই লোক এবং তারা আমার এখানে এসে যখন দখলবাজি, চাঁদাবাজি করতে পারছিলনা তখন তারা আবার সেই গ্রুপে যোগদান করে নতুনরুপে দখলবাজি-চাঁদাবাজি শুরু করবে। তাদের মত নোংরা কর্মীদের জন্য বিএনপি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জাকারিয়া পিন্টুসহ তার চার ভাই দল থেকে বহিষ্কার আর সেই বহিষ্কার গ্রুপ যখন ধীরে ধীরে ভারী হতে থাকে তখন বুঝতে হবে তারা রাজনীতির নামে কতটা নোংরামি করছে। বর্তমানে ঈশ্বরদীর বিএনপিকে বিভক্ত আর দলকে বিতর্কের মূল কারিগরই আওয়ামী প্রেমী সেজে থাকা কর্মীরা যারা প্রতিনিয়ত স্বার্থের জন্য রাজনীতি নামক শব্দটা ব্যবহার করছে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা মোতাবেক জনগনের জন্য বিএনপি রাজনীতি করেছে আর করবে। যারা ঐক্যের নামে দলের বাইরে গিয়ে দলকে বার বার বিতর্কিত করছে প্রত্যেককে উৎখাত করতে হবে। তবেই হয়তো বিএনপিকে এ ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.