লালমনিরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।
সোমবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এ ধরনের বৃহৎ কর্মসংস্থানমুখী আয়োজন তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বেকারত্ব থেকে মুক্ত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে কঠোর পরিশ্রম, দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাসের বিকল্প নেই।
ত্রাণমন্ত্রী এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য প্রাণ-আরএফএল গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মেলা প্রাঙ্গণে সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে এক হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট প্রধান নূরুল আলম খান ও নাফিস ইন্দালিব অর্ণব।
এসময় তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন এবং রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার খুব অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে। উল্লেখ্য, ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।