ফেনীতে স্বাধীনতা প্রকল্পের ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে শহরের মিজান রোডের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রকল্পের আওতায় চট্রগ্রাম বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক ফারজানা আহমেদ অহনা ও ফারহান ইখতিদার চৌধুরী যৌথভাবে সেশন পরিচালনা করেন। ওরিয়েন্টেশনে ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের প্রত্যাশী সংগঠনের প্রোগ্রাম অফিসার মাখনুন সুলতানা, দৈনিক সংবাদ সারাবেলার ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব।
উল্লেখ যে, এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (Misinformation), অপতথ্য (Disinformation) এবং বিদ্বেষপ্রবণ তথ্য (Hate Speech) সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি এসবের সামাজিক ও ব্যক্তিগত প্রভাব সম্পর্কেও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ এবং TFGBV (Technology Facilitated Gender-Based Violence) বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। অংশগ্রহণমূলক আলোচনা ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সহজ ও কার্যকরভাবে উপস্থাপন করা হয়।
স্বাধীনতা প্রকল্পটি মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) দ্বারা বাস্তবায়িত, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দ্বারা পরিচালিত এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা অর্থায়িত। মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং অনলাইন সুরক্ষার প্রসারে তরুণ ও সম্প্রদায়কে সম্পৃক্ত করতে বাংলাদেশ জুড়ে মোট ৮টি নারী অধিকার সংস্থা (WRO) কাজ করছে।
প্রোগ্রামে টিমওয়ার্কভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।
তরুণদের জন্য নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।