ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযথ মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়েছে। "আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। র্যালির ব্যানারে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবি এবং এবারের বৈশ্বিক প্রতিপাদ্য "Our Nurses. Our Future." গুরুত্বের সাথে ফুটিয়ে তোলা হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন, নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার বেগম, নার্সিং ইনচার্জ সামসুন্নাহার লিপি এবং সিনিয়র স্টাফ নার্স মো. আসাদুল হক ও মো. সাদেক মিয়া।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। ঈশ্বরগঞ্জেও প্রতি বছরের মতো এবারও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে দিনটি পালন করা হলো।