মৌলভীজারে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যু ৮ জন সহ ১০ জন সরকারি কর্মচারির পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ জন সরকারি কর্মচারি পরিবারের কাছে আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সরকারি চাকুরিতে থাকাকালে নিহত ৮ জন ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে ২ জন সহ মোট ১০ জন কে আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের সুপারিশকৃত আবেদনকারীদের অনুকূলে এসব চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি চাকুরিতে থাকাকালে নিহত ৮ কর্সচারিদের পক্ষে প্রত্যেেকর পরিবারের কাছে ৮ লক্ষ টাকা করে মোট ৬৪ লক্ষ টাকার চেক এবং ২ জন গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মচারীর অনুকূলে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সবমিলিয়ে ৭২ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে।
আর্থিক চেক বিতরণের সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নির্মম বেদনাদায়ক। এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় অতিক্রম করে।
তিনি বলেন, সরকারের তরফ এই আর্থিক অনুদান পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়তা করবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে।
তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিহত-আহত সরকারি চাকুরীজীবিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।