কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি লবণবাহী ট্রাক ও ১০০ মণ লবণ জব্দ করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালায় র্যাবের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে রাত ১১টা ৫ মিনিটে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় একটি লবণবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মোঃ এমরানুল ইসলাম (২০) ও নুর মোহাম্মদ (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণ জব্দ করা হয়েছে। গ্রেফতার এমরানুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায় এবং নুর মোহাম্মদের বাড়ি টেকনাফের সাবরাং এলাকায় বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টা ৫ মিনিটে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের সদস্যরা। এ সময় স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে দুই ডাকাতকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মোঃ নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)। তাদের বাড়ি ঈদগাঁও থানার কালীরছড়া এলাকায়। আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সিপিএসসি’র স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন
জানান, কক্সবাজারে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১৫ নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১৫।