চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেইট সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারিন আক্তার (৩২) ও তার এক বছর বয়সী কন্যা ইয়াসার মৃত্যু হয়েছে। তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৫ মে ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারী এলাকার বিজয় স্মরণী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি মেলা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তারিন আক্তারের কোল থেকে এক বছর বয়সী কন্যা ইয়াসা হঠাৎ সড়কে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে দ্রুত মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তারিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুকন্যা ইয়াসাকে স্থানীয়রা উদ্ধার করে ভাটিয়ারীর বিএসবিআরএ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। দুর্ঘটনায় আহত তার স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের অফিস সহকর্মী ফাতেমা রুমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই নাসির জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত ও নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।